সময়ের স্রোতোধারায় সত্য যখন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে, তখন কিছু নির্ভীক প্রাণ হাতে তুলে নেয় আলোর মশাল, তাদের শানিত কলম। ‘রিপোর্টার্স ক্লাব রংপুর’ কেবল একটি ইট-পাথরের সংগঠন নয়, এটি সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে কথা বলা একঝাঁক অকুতোভয় কলমসৈনিকের প্রাণের স্পন্দন। রংপুর অঞ্চলের মূলধারার ও পেশাদার সাংবাদিকদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি সংগঠন। মূলত পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়; ২০০৩ সালে সংগঠনটি শহরের অন্যতম প্রধান কেন্দ্রে অবস্থিত এ অঞ্চলে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মূলধারার সংবাদকর্মীদের একই ছায়াতলে রাখতে প্রথিতযশা ও প্রগতিশীল সাংবাদিকদের উদ্যোগে এই ক্লাবের গোড়াপত্তন হয়।
আগামীর সম্ভাবনার গল্পে প্রতিটি সংবাদকর্মীর ঘাম, শ্রম আর নিদ্রাহীন রাতের বিনিময়ে এখানে রচিত সময়ের জীবন্ত দলিল। ক্ষমতার রক্তচক্ষু কিংবা প্রতিকূলতার ঝড়, কোনো কিছুই দমাতে পারে না এই ক্লাবের সদস্যদের সত্য প্রকাশের অদম্য স্পৃহাকে। এই সংগঠন কেবল সংবাদ পরিবেশন করে না, বরং লালন করে এক সুস্থ, সুন্দর ও বৈষম্যহীন সমাজের স্বপ্ন।
গণতান্ত্রিক চর্চায় ‘রিপোর্টার্স ক্লাব রংপুর’-এর গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ (দ্বি-বার্ষিক সাধারণ সভা) শেষে সরাসরি ব্যালট ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। নবীন ও প্রবীণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কর্মশালা, সেমিনার এবং প্রয়াত সাংবাদিকদের স্মরণে শোকসভা আয়োজনের পাশাপাশি সদস্যদের পারিবারিক বন্ধন দৃঢ় করতে ‘ফ্যামিলি ডে’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জাতীয় বিভিন্ন দিবসের আয়োজন করা হয়।
রিপোর্টার্স ক্লাব রংপুরের একঝাঁক কলমসৈনিকের সাহসের কালিতে লেখা প্রতিটি শব্দ হয়ে ওঠে সমাজ পরিবর্তনের হাতিয়ার। পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত উৎকর্ষ আর নীতি-নৈতিকতার মেলবন্ধনে ‘রিপোর্টার্স ক্লাব’ এক আলোকবর্তিকা, সমাজকে দেখায় আলোর পথ। যুগ যুগ ধরে এভাবেই অটুট থাকুক কলমের স্বাধীনতা, আর চিরজীবী হোক সত্যের এই পবিত্র মিলন তীর্থ।